কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’
'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা'— কবিগুরুর এই কালজয়ী আহ্বানকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিল আবৃত্তি সংগঠন 'স্বরকল্পন আবৃত্তিচক্র'। মঙ্গলবার সকালে কবিতার সুর আর আবৃত্তির ছন্দে নববর্ষ উদযাপনে মেতে ওঠেন সংগঠনটির শিল্পীরা।
'কবিতা ও গানের বিশেষ পর্ব' শিরোনামে বর্ণিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজিটাল দর্শকদের জন্য পুরো অনুষ্ঠানটি স্বরকল্পন আবৃত্তিচক্রের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, যা বৈশাখী উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ এবং আবৃত্তির নান্দনিক সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও তারা বৈশাখী উৎসবের আয়োজন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজন দুপুর পর্যন্ত চলে। কবিতা ও গানের মেলবন্ধনে উপস্থিত দর্শক-শ্রোতারা মেতে ওঠেন উৎসবের আমেজে।
দিনব্যাপী এই আয়োজনে স্বরকল্পনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশ নেন। সুস্থ সংস্কৃতির বিকাশে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Comments