কেমন হতে যাচ্ছে রাশমিকা মান্দানা–বিজয় দেবরাকোন্ডার বিয়ে
বহুদিনের জল্পনা-কল্পনার ইতি টেনে অবশেষে বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এতদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় জীবনের নতুন অধ্যায়ে পা রাখার ঘোষণা দেন তাঁরা। দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বীকৃতি পেয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম 'বিরোশ'—দুজনের নামের সংমিশ্রণে তৈরি এই সম্বোধনকেই নিজেদের বিয়ের পরিচয় হিসেবে বেছে নিয়েছেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা লিখেছেন,
"আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।"জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভক্তদের দেওয়া সেই নামেই বিয়ের ঘোষণা দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন—"তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।"
তারকাদের নাম মিলিয়ে এমন সম্বোধনের চল নতুন নয়। সেই তালিকায় এবার যুক্ত হলো 'বিরোশ'।ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রাক্-বিয়ের বিভিন্ন আয়োজন। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা অনুষ্ঠানও রাখা হয়েছে—একটি রাশমিকার পরিবারের উদ্যোগে, অন্যটি বিজয়ের পরিবারের পক্ষ থেকে।
এই আয়োজনের সবচেয়ে আলোচিত দিক কঠোর গোপনীয়তা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অতিথির তালিকা সীমিত রাখা হয়েছে। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যারা ছবি বা ভিডিও ধারণ করবেন, তাঁদেরও 'নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট' (এনডিএ)-এ সই করতে হয়েছে। অর্থাৎ পুরো আয়োজনই হচ্ছে 'নো ফোন, নো লিক' নীতিতে।বিয়ের মূল অনুষ্ঠান থাকবে একান্ত ব্যক্তিগত পরিসরে। তবে ৪ মার্চ হায়দরাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তারকাদের জাঁকজমকপূর্ণ 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর ভিড়ে রাশমিকা ও বিজয়ের এই নিয়ন্ত্রিত, সংযত আয়োজন আলাদা করে নজর কাড়ছে। প্রচারের আলো থেকে দূরে থেকে তাঁরা বেছে নিয়েছেন ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পথ।২৬ ফেব্রুয়ারি তাই শুধু একটি বিয়ের দিন নয়—দক্ষিণি সিনেমার বহুল আলোচিত এক জুটির বাস্তব জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এখন ভক্তদের অপেক্ষা, কবে তাঁদের পক্ষ থেকে প্রকাশ পাবে বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি।
Comments