ফের পেছাল পরীমনির জেরা
শারীরিক অসুস্থতার কারণে চিত্রনায়িকা পরীমনি আবারও আদালতে হাজির হতে পারেননি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় সাভারের বিরুলিয়ার বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তার জেরা পিছিয়ে গেছে। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে জেরার দিন ধার্য ছিল। তবে তিনি অনুপস্থিত থাকায় আদালত নতুন করে আগামী ৯ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অস্ত্রোপচার হওয়ায় অভিনেত্রী শারীরিকভাবে দুর্বল আছেন এবং আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এ জন্য সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগেও একাধিকবার তার জেরা পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে যেতে পারেননি। আবার চলতি বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়।
মামলাটি ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে একটি বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সম্পর্কিত। ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। পরে বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান এবং পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। মামলার পর ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার অন্য আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে আছেন। ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
Comments