ধানের শীষে ভোট দেবেন ওমর সানী
চিত্রনায়ক ওমর সানী নতুন করে আলোচনায় এসেছেন তার একটি ফেসবুক পোস্টকে ঘিরে। তিনি লিখেছেন, "বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।" পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি কার্যত নেটিজেনদের চ্যালেঞ্জ ছুড়ে দেন—আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে দেখাতে। সামাজিক মাধ্যমে চলমান বিতর্কের জবাব দিতেই তিনি এই পোস্ট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এদের মধ্যে মনির খান, রবি চৌধুরী ও নায়িকা শিমলাসহ আরও অনেকে রয়েছেন। তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন—এমন অভিযোগ তুলে তাদের অনেককেই সামাজিক মাধ্যমে ট্রলের মুখে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে অনেকে আত্মপক্ষ সমর্থন এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন।
ওমর সানীর পোস্টের প্রতিক্রিয়া অবশ্য একমুখী ছিল না। কেউ কেউ তাকে সরাসরি আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেছেন, আবার কেউ তার অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর রাজনৈতিক আগ্রহের বিষয়টি আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশ স্মরণ করিয়ে দেন, মৌসুমী একসময় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।
২০১৯ সালের ১৬ জানুয়ারি মৌসুমী আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্রও কিনেছিলেন। সেদিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গেলে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন পাননি। বর্তমানে মৌসুমী কোনো রাজনৈতিক দলে সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
Comments