অনিশ্চয়তায় ‘হেরা ফেরি ৩’
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'হেরা ফেরি'–র তৃতীয় কিস্তি আবারও জটিলতায় পড়েছে। বহুল প্রতীক্ষিত 'হেরা ফেরি ৩' ছবির স্বত্ব নিয়ে নতুন আইনি বিরোধ তৈরি হওয়ায় আপাতত থমকে গেছে এর নির্মাণকাজ।
দক্ষিণী প্রযোজক জিপি বিজয়কুমার মাদ্রাজ হাইকোর্টে মামলা করে দাবি করেছেন, তিনি ২০২২ সালেই প্রয়াত প্রযোজক রামোজি রাওয়ের সংস্থা থেকে 'হেরা ফেরি' ছবির স্বত্ব বৈধভাবে কিনেছেন। তার বক্তব্য, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে মূল ছবির স্বত্ব ছিল না—তিনি শুধু একটি সিক্যুয়াল বানানোর অনুমতি পেয়েছিলেন, যার ফল ছিল ২০০৬ সালের 'ফির হেরা ফেরি'। তাই 'হেরা ফেরি ৩'–এর স্বত্ব বিক্রির অধিকার নাদিয়াদওয়ালার ছিল না বলেই অভিযোগ বিজয়কুমারের।
এই বিরোধে জড়িয়ে পড়েছেন অক্ষয় কুমারও। কারণ, তার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালার কাছ থেকেই 'হেরা ফেরি ৩'–এর স্বত্ব কিনেছে বলে দাবি করছে এবং তারা বলছে সব নিয়ম মেনেই চুক্তি হয়েছে। তবে সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড প্রশ্ন তুলেছে—যার কাছে স্বত্ব নেই, সে কীভাবে তা বিক্রি করে?
এই আইনি টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়েছে ছবির নির্মাণে। শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে, আর আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিতই রয়ে গেছে। ফলে দর্শকদের প্রতীক্ষিত এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি কবে পর্দায় আসবে, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলিউডে।
Comments