একুশে পদক ২০২৬: সম্মান পাচ্ছে ব্যান্ড ‘ওয়ারফেজ’
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের একুশে পদকের জন্য দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। প্রতিষ্ঠান হিসেবে তালিকায় জায়গা পেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড 'ওয়ারফেজ'।
খবরটি পাওয়ার সময় ব্যান্ডটির সদস্যরা একটি কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ এ সংবাদ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, "একটি কনসার্টে পারফর্মের প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় এ খবর এল। আমরা সবাই ভীষণ আপ্লুত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।" তিনি আরও বলেন, সম্ভবত দেশের প্রথম ব্যান্ড হিসেবে রাষ্ট্রের এ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছে 'ওয়ারফেজ'।
এই অর্জনকে শুধু বর্তমান সদস্যদের নয়, ব্যান্ডের শুরু থেকে যুক্ত থাকা সবার সম্মিলিত প্রাপ্তি হিসেবে দেখছেন টিপু। তিনি জানান, "এ পথচলায় যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, এ পুরস্কার সবার। মঞ্চের শিল্পী থেকে নেপথ্যের প্রতিটি মানুষ এর অংশীদার। পরিবারের ত্যাগ, শ্রোতাদের ভালোবাসা ও গণমাধ্যমের সমর্থন ছাড়া 'ওয়ারফেজ' আজকের অবস্থানে আসতে পারত না।"
এদিকে এবারের একুশে পদকের তালিকায় শোবিজ অঙ্গনের আরও কয়েকজন রয়েছেন। ব্যান্ডসংগীতে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু। অভিনয়ে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় অর্থী আহমেদও একুশে পদক পাচ্ছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
Comments