বাবা হলেন অভিনেতা পলাশ
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট'–খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ আবারও বাবা হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা।
দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পলাশ লেখেন, "আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।" পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।
সংবাদমাধ্যমকে পলাশ জানান, মা ও নবজাতক দু'জনই সুস্থ আছেন। বর্তমানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে রয়েছেন। নিজের ছেলে ও নবজাতক মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই পলাশ প্রথম সন্তানের বাবা হওয়ার খবর জানান। সেদিন সকালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়েছিল বলে তিনি সামাজিক মাধ্যমে জানান।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। বিয়ের খবর শুরুতে গোপন থাকলেও পরে তা প্রকাশ্যে আসে। এক বছরের ব্যবধানে পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তান জন্মে পূর্ণতা পেল তাঁদের পরিবার।
Comments