এবিজি মিডিয়া কাপে সেরা রিপোর্ট, কনটেন্ট ও ছবিতেও থাকছে লাখ টাকার পুরস্কার
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দিতেও থাকছে বিশেষ পুরস্কার।
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট হিসেবে আলোচনায় আসা এই আসরের পুরস্কার নিয়ে শুরু থেকেই ছিল নানা কৌতূহল। ফাইনালের আগেই ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি বাবদ ৬০ লাখ টাকা বরাদ্দের বিষয়টি আয়োজনের ব্যাপকতা তুলে ধরেছে।
আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পুরস্কার নিয়ে অপেক্ষার অবসান ঘটান আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, টেলিভিশন, সংবাদপত্র, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চারটি বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের জন্য প্রতিটিতে দেওয়া হবে দুই লাখ টাকা করে। অর্থাৎ, চার বিভাগে সেরা কাজের স্বীকৃতি হিসেবে থাকছে আকর্ষণীয় অর্থপুরস্কার।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকছে পুরস্কারের সুযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে এক লাখ টাকা। এসব কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগগুলো হলো: #SayemSobhanAnvir, #AnvirBashundharaGroup, #ABGMediaCup2026, #BashundharaCity2 এবং #ABGSportsCity।
অন্যদিকে, প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবি নির্বাচিত হলে সংশ্লিষ্ট আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা পুরস্কার।
প্রতিবেদন, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য আগ্রহীদের নিজেদের সেরা কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে।
আয়োজকদের এই উদ্যোগে এবিজি মিডিয়া কাপ ফুটবল শুধু মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না; বরং গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরারও সুযোগ তৈরি হচ্ছে।
বিপুল প্রাইজমানি, ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবিজি মিডিয়া কাপ দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াচর্চার নতুন পরিবেশ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Comments