‘এবিজি মিডিয়া কাপের জার্সি ও ট্রফি উন্মোচন’
খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি প্রজন্ম গড়ে ওঠার কেন্দ্র। এখান থেকেই তৈরি হতে পারে ভবিষ্যতের বিশ্বমানের খেলোয়াড়। এমন স্বপ্ন ও প্রত্যাশা নিয়েই গড়ে উঠেছে এবিজি স্পোর্টস সিটি। আর এই উদ্যোগের পেছনে রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দূরদর্শী চিন্তা।
এবিজি মিডিয়া কাপ ফুটবলের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাবার সেই স্বপ্নের গল্প তুলে ধরেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তাঁর বক্তব্যে উঠে আসে, কীভাবে একটি বিশাল ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার ভাবনার জন্ম এবং এর পেছনে কাজ করেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করার প্রত্যয়।
সায়েম সোবহান আনভীর জানান, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর তাঁর বাবা তাঁকে অফিসে ডেকে এবিজি স্পোর্টস সিটির দায়িত্ব দেন। এরপর পুরো এলাকাটি ঘুরে দেখেন তিনি। ৩০০ বিঘারও বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা এই বিশাল আয়োজন দেখে তাঁর মনে প্রশ্ন জাগে, আবাসন ব্যবসার বাইরে এত বড় একটি ক্রীড়া স্থাপনা থেকে দীর্ঘ মেয়াদে কী ধরনের আর্থিক লাভ আসবে?
বিষয়টি বাবার কাছে জানতে চাইলে তিনি হেসে নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। আহমেদ আকবর সোবহান বলেন, তাঁদের ছোটবেলায় ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই শিশুরা দল বেঁধে মাঠে ছুটে যেত। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। চারদিকে গড়ে উঠেছে ইট-পাথরের ভবন, কমে গেছে খেলার মাঠ ও খোলা জায়গা।
পরবর্তী প্রজন্ম যেন সেই মাঠের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে স্পোর্টস সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাবার বক্তব্য তুলে ধরে সায়েম সোবহান আনভীর বলেন, 'আমি চাই, আমাদের পরের প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে তো আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভেতরে তো পারব। সে জন্যই এই স্পোর্টস সিটি।'
স্পোর্টস সিটির আর্থিক লাভের প্রশ্নে বাবার দেওয়া ব্যাখ্যাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। তাঁর বাবা বলেছিলেন, মানুষ শৈশবের স্মৃতি কখনো ভোলে না। এই মাঠে যারা খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করবে, তারা সারা জীবন এই উদ্যোগের কথা মনে রাখবে। এটাই হবে ৫০০ বছরের লাভ।
বাবার এই চিন্তা ও দেশের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে সব সময় অনুপ্রাণিত করে বলে জানান সায়েম সোবহান আনভীর।
সরকারের উদ্যোগের সঙ্গে ভাবনার মিল
বক্তব্যে দেশের খেলাধুলার উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন এবিজি চেয়ারম্যান। তিনি জানান, ২০২৬ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ দেন। পাশাপাশি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া এবং তারা নিয়মিত খেলাধুলা করছে কি না, সে বিষয়ে খোঁজ রাখার নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
সায়েম সোবহান আনভীর বলেন, খেলাধুলার প্রসারে সরকারের এই উদ্যোগ এবং তাঁর বাবার স্পোর্টস সিটি গড়ে তোলার চিন্তার মধ্যে দারুণ মিল রয়েছে। শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলার মাঠ কতটা জরুরি, তা এই উদ্যোগগুলো থেকে স্পষ্ট।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করে তোলাই তাঁর প্রত্যাশা। শিশুরা খেলাধুলার মধ্য দিয়ে বেড়ে উঠবে, নিজেদের প্রতিভা বিকশিত করবে এবং একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—এমন স্বপ্ন দেখেন তিনি।
বক্তব্যের শেষাংশে সায়েম সোবহান আনভীর বলেন, 'আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। ওরা আমাদের একটা সুন্দর আগামী উপহার দিক। এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে, ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।'
এবিজি মিডিয়া কাপ ফুটবলের জার্সি ও ট্রফি উন্মোচনের আয়োজনেও তাই শুধু একটি টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্নের প্রতিফলন দেখা গেছে। যে মাঠ একদিন শিশু-কিশোরদের পদচারণায় মুখর হবে, সেখান থেকেই হয়তো উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের আন্তর্জাতিক তারকারা।
Comments