এবিজি মিডিয়া কাপ: সাংবাদিকদের ফুটবল উৎসবে প্রায় কোটি টাকার আয়োজন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে বিপুল অর্থপুরস্কার। শুধু ফাইনালেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য বরাদ্দ ৭৫ লাখ টাকা। সব মিলিয়ে ম্যাচ ফি, দলীয় ও ব্যক্তিগত পুরস্কারসহ প্রায় কোটি টাকার আয়োজন করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।
দেশের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের পুরস্কার নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। সেমিফাইনাল পর্যন্ত বিভিন্ন ধাপের পুরস্কার ঘোষণার পর ফাইনালের প্রাইজমানি নিয়ে অপেক্ষায় ছিলেন অংশগ্রহণকারী দল ও দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটান এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে ফাইনালের পুরস্কার ঘোষণা করা হয়। এতে জানানো হয়, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকছে ২৫ লাখ টাকা। অর্থাৎ ফাইনালের দুই দলের মধ্যে বিতরণ করা হবে মোট ৭৫ লাখ টাকা।
পুরস্কার ঘোষণার সময় সায়েম সোবহান আনভীর বলেন, 'আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।'
ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, 'আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি।'
গণমাধ্যমকর্মীদের মিলনমেলার উদ্যোগ
অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, এই আয়োজন কেবল জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন একটি যাত্রার সূচনা। কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে গণমাধ্যমকর্মীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।'
৪৮ দল, আট গ্রুপে প্রতিযোগিতা
এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। অনুষ্ঠানে ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের শুরু থেকেই দলগুলোর জন্য থাকছে অর্থপুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দল পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দলের জন্য পুরস্কার যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা।
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে জয়ী দল পাবে এক লাখ টাকা করে। এই পর্বে হেরে যাওয়া প্রতিটি দল পাবে ৫০ হাজার টাকা। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চার থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে দেড় লাখ টাকা করে পুরস্কার।
সবশেষে শিরোপার লড়াইয়ে জয়ী দল পাবে ৫০ লাখ টাকা। আর রানার্সআপ দলের হাতে উঠবে ২৫ লাখ টাকা।
ব্যক্তিগত পুরস্কারেও থাকছে চমক
দলীয় পুরস্কারের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও রয়েছে আকর্ষণীয় অর্থপুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস- প্রতিটি বিভাগে বিজয়ীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।
খেলার মাঠে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণকে উৎসাহিত করতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
ফাইনালে সেলিব্রিটি ম্যাচ
আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের দিন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে তারকাদের অংশগ্রহণে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হবেন দেশের পুরুষ ও নারী সেলিব্রিটিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আয়শা খান। এতে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন ও জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি এবং মাফতুয়া জান্নাত জিম।
বিপুল অর্থপুরস্কার, ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণ, তারকাদের উপস্থিতি এবং ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল দেশের গণমাধ্যমকর্মীদের জন্য একটি বড় ক্রীড়া উৎসবে পরিণত হতে যাচ্ছে। একই সঙ্গে কর্মক্ষেত্রের বাইরে গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এই আয়োজনের অন্যতম প্রত্যাশা।
Comments