মহাসাগরগুলোতে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
বিশ্বের মহাসাগরগুলো আগস্ট মাসে ইতিহাসের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড গড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইউরোনিউজ এই খবর প্রকাশ করেছে।
এই তাপমাত্রা ২০২৪ সালের মার্চে রেকর্ড হওয়া ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াসের আগের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি ২০২৩ সালের আগস্টে রেকর্ড হওয়া ২০ দশমিক ৯৮ ডিগ্রি সেলসিয়াসের আগের মাসিক রেকর্ডও ভেঙে গেছে।
সাধারণত দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের প্রভাবে মার্চ ও এপ্রিল মাসে সমুদ্রের তাপমাত্রা সর্বোচ্চ হয় এবং পরবর্তীতে তা কমতে থাকে। কিন্তু আগস্ট মাসে এসে এমন নতুন রেকর্ড হওয়ায় বিজ্ঞানীরা সমুদ্রের দীর্ঘস্থায়ী উষ্ণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো তৈরির ফলে সমুদ্রে অতিরিক্ত তাপ যোগ হচ্ছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, কেবল এল নিনো নয়; বরং দশকের পর দশক ধরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনই সমুদ্রের এই দীর্ঘমেয়াদি উষ্ণতার প্রধান কারণ।
উষ্ণতা সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি ও তীব্রতা বাড়িয়ে দেয়, যা প্রবালপ্রাচীর ও সামুদ্রিক ঘাসের মতো গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রজাতিগুলোর স্থানান্তর মৎস্য ও জলজ চাষকে হুমকির মুখে ফেলছে। ১৯৯০-এর দশকের তুলনায় বিশ্বজুড়ে সামুদ্রিক তাপপ্রবাহের দিনের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।
পানি উত্তপ্ত হলে তা প্রসারিত হয়, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। এছাড়া উষ্ণ সমুদ্র বায়ুমণ্ডলে অধিক তাপ ও জলীয়বাষ্প সরবরাহ করে, যা কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও ভয়াবহ ঝড়ের তীব্রতা বাড়িয়ে দেয়।
সমুদ্র বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের একটি বড় অংশ শোষণ করে। কিন্তু পানি যত বেশি উষ্ণ হয়, কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতা ততই কমে যায়। এর ফলে পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে সমুদ্রের ভূমিকা ভবিষ্যতে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Comments