বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণ এবং রাজনৈতিক সহিংসতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারদলীয় অভ্যন্তরীণ কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণও অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। এসব প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
আওয়ামী লীগ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য
আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দলটি পরাজিত হয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াই ছিল আদর্শিক। তবে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছেন বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, পুরোনো স্বৈরাচারী শক্তির পাশাপাশি নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ গোষ্ঠীরও উত্থান ঘটেছে। এসব শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্যের সমালোচনা
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশের দায়িত্ব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা; নিজেদের দায় সাংবাদিকদের ওপর চাপানো নয়।
সাংবাদিকদের প্রকাশিত তথ্যে ভুল থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা উচিত নয়।
মাদক সিন্ডিকেটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ
দেশে মাদক সিন্ডিকেটের সঙ্গে পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের সিন্ডিকেট টিকে থাকতে পারে না।
আগে আওয়ামী লীগ এবং বর্তমানে বিএনপি এই পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাদক সিন্ডিকেট ভেঙে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা না গেলে মাদক নির্মূল সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ
গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে এবং সরকারের সমালোচকদের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়গুলো সংসদেও তুলে ধরা হচ্ছে।
অন্যদিকে, দেশের ব্যাংকিং খাতে কার্যকর সংস্কার হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ব্যাংকের প্রতি মানুষের আস্থা এখনো ফিরে আসেনি। ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার বন্ধ করা না গেলে ব্যাংকিং খাতের সংকট কাটবে না।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ দলীয় জোট মূলত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে। জাতীয় ইস্যুতে জোটবদ্ধ কর্মসূচি থাকলেও এনসিপির নিজস্ব রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে।
জাতীয় স্বার্থে এবং সরকারের নীতির বিরোধিতায় জোটের শরিকদের একসঙ্গে কাজ করার সুযোগ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং দেশজুড়ে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিং শেষে পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এনসিপির নেতারা। এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিভাগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ পাঁচ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
Comments