সরকার বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। তবে এতে সরকার কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোষিত ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হচ্ছে। ঢাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে তারা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। এ কর্মসূচি সফল করতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পথে যত বাধা-বিপত্তিই আসুক, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে ঢাকায় জড়ো হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগের দিকে লংমার্চের যাত্রা শুরু হয়েছে।
তার ভাষ্য, নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করতেই এবারের কর্মসূচি।
লংমার্চের বিভিন্ন দাবির কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই কর্মসূচি। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যারা সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধেও এ লংমার্চ। একই সঙ্গে ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য রয়েছে।
তিনি দেশের সাধারণ মানুষকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের সাধারণ মানুষের কর্মসূচি। তিনি সবাইকে দলে দলে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
Comments