মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই শেষে এ ঘোষণা দেন।
নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী অন্য মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। তাঁর নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। একটি বৈধ হওয়ায় অপরটি বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে জাতীয় সংসদ সদস্যরা অংশ নেবেন। সংসদ ভবনের সংসদকক্ষে অনুষ্ঠিত ভোটে তাঁদের প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
Comments