এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
এগারো দলীয় ঐক্যজোট ত্যাগ করেছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে এই জোটের সব ধরনের কর্মসূচি থেকে সম্পূর্ণ বিরত থাকবে দলটি।
বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, এগারো দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই জোটের কার্যকারিতাও মূলত শেষ হয়ে গেছে। নির্বাচন শেষ হওয়ার পরও খেলাফত মজলিস কিছু কর্মসূচিতে অংশ নিয়েছিল। তবে এখন থেকে জোটের যাবতীয় কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
খেলাফত মজলিস স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন দেখা দিলে তারা বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে গত ১৩ জুন চট্টগ্রামের বিভাগীয় সমাবেশের পর দলটি তাদের ব্যানার বা প্রচারণায় দলীয় নাম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিল।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অধিবেশনে নায়েবে আমিরবৃন্দ, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments