ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ তিন নেতার পদত্যাগ ও অব্যাহতি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহ-সভাপতি মাঈন আহমেদ। এছাড়া সাংগঠনিক বাস্তবতার কারণে সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিদায়ী নেতারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। একই সাথে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (Conflict of Interest) সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিবেচনা থেকেই মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু স্বেচ্ছায় অব্যাহতিপত্র পাঠালে কেন্দ্রীয় সংসদ তা গ্রহণ করে। অন্যদিকে একই বাস্তবতায় নাজিফা জান্নাতকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র ইউনিয়নের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার্থে এবং নীতি অনুযায়ী একই সাথে একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি বিদায়ী নেতাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছে। পাশাপাশি শিক্ষা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র ইউনিয়ন আগের মতো দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এদিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মেঘমল্লার বসু গণমাধ্যমকে জানান যে, এই ঘটনাটি সত্য।
Comments