‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে সংসদে হুঙ্কার ফজলুর রহমানের
জাতীয় সংসদ অধিবেশনে ৫ আগস্ট পরবর্তী 'মব কালচার' ও ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এসময় তিনি 'আলবদর-রাজাকারের বাচ্চারা' বলে সংসদে হুঙ্কার দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিল্পকলা একাডেমি এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, "আমি শিল্পকলার সামনে থাকি—সেখানে একটি গান, নাটক বা লালনগীতি পর্যন্ত হতে দেওয়া হয়নি। কালো শক্তি সবকিছু ধ্বংস করে দিয়েছিল।"
তিনি আরও বলেন, একদল লোক প্রচার করতে চেয়েছিল যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তাদের দাবি ছিল যুদ্ধ হয়েছে ১৯৪৭ ও ২০২৪ সালে, আর ১৯৭১ সালে যা হয়েছে তা কেবল 'গণ্ডগোল'। এর প্রতিবাদ জানিয়ে তিনি সংসদে বলেন, "এই আলবদর-রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে। মুক্তিযুদ্ধ সত্য এবং ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগও ধ্রুব সত্য।"
নিজের ওপর হামলার চেষ্টা ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে এই প্রবীণ সংসদ সদস্য বলেন, "সেদিন আমাকে হত্যা করার জন্য আমার বাড়ির সামনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করা হয়েছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, তারা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আমাকে প্রাণে বাঁচিয়েছিল।"
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি, আর এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো ধরনের বিকৃতি সহ্য করা হবে না।
Comments