করাচিতে বহুতল ভবনধস, মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
পাকিস্তানের করাচিতে ছয়তলা একটি নির্মাণাধীন ভবনধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। শনিবার ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।এছাড়াও এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৮ জন্য।
শনিবার (২৮ নভেম্বর) করাচির বেলুচ কলোনি এলাকার কাছে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন জানিয়েছে, বুধবার নির্মাণাধীন ভবনটি ধসে তিনজন নিহত ও ১৪ জন আহত হন। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার করা হয় আরও চারজনের মরদেহ। সব মিলিয়ে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক প্লটে ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নগর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের রড কাটতে ভারী যন্ত্র ব্যবহার করছেন। পাশাপাশি বিভিন্ন সরঞ্জামের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে স্থাপিত তথ্যকেন্দ্রে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো অন্তত আটজনের সন্ধান পাওয়া যায়নি।
Comments