সঠিক পরিচর্যায় বদলে যেতে পারে প্রাণিসম্পদ খাত
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনার নানা দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফা আক্তার বলেন, 'খাদ্য উৎপাদনে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে মাংস ও ডিম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে দুধ উৎপাদনে এখনো আরও উন্নতির সুযোগ রয়েছে।'
বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীরা হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, প্রাণীর প্রতি আরও যত্নশীল হওয়া, নিয়মিত চিকিৎসা এবং উন্নত পরিচর্যা নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে। পাশাপাশি খামারিরাও হবেন আর্থিকভাবে লাভবান।
সংশ্লিষ্টদের মতে, দেশে প্রাণিসম্পদের সম্ভাবনা থাকলেও সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায় না। প্রাণীর রোগ প্রতিরোধ, মানসম্মত খাদ্য, চিকিৎসাসেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই খাত হতে পারে অর্থনীতির অন্যতম শক্তিশালী চালিকাশক্তি।
Comments