মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা না পেলেও জোড়া সাফল্য মাহির
বিশ্বসুন্দরীর মুকুট জয়ের চূড়ান্ত লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে মূল প্রতিযোগিতায় এগিয়ে যেতে না পারলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছেন তিনি। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন মাহি।
সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে শুরু থেকেই নজর কাড়েন বাংলাদেশের এই প্রতিযোগী। অন্যদের প্রচলিত পোশাকের বাইরে গিয়ে পুরো শরীর ঢাকা নীল রঙের আকর্ষণীয় পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের পেছনে যুক্ত ছিল দীর্ঘ নীল কাপড়, যা তার উপস্থাপনায় যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই ব্যতিক্রমী উপস্থিতি প্রশংসিত হয়।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সাফল্যের খবর জানান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই দর্শকদের ভোটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ন্যাশনাল কস্টিউম বিভাগে অর্জিত হয়েছে প্রথম রানারআপের স্বীকৃতি।
মাহির ভাষ্য, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও অর্জনগুলো শুধু তার একার নয়, বরং দেশের সব মানুষের। দেশবাসীর ভালোবাসা ও সমর্থনকে তিনি এই সাফল্যের অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
অন্য এক পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের দোয়া, ভালোবাসা ও উৎসাহ তাকে সাহস জুগিয়েছে বলেও জানান। প্রতিটি মুহূর্তে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন উল্লেখ করে মাহি বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
মূল মুকুটের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে জয় এবং ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপের স্বীকৃতি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন। দেশবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন 'ভালোবাসি বাংলাদেশ।'
Comments