‘যেমন এমপি, তেমন মন্ত্রী’, জামায়াতের বিল নিয়ে পিনাকীর তীব্র আক্রমণ, ‘দেশ চালাবেন কীভাবে?’
জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত বিলের সমালোচনা করেছেন পিনাকী ভট্টাচার্য। নারী মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসকদের দিয়ে করানোর প্রস্তাবের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এ ধরনের বিল পাশ হলে দেশে ভয়াবহ সংকট তৈরি হতে পারে।
অনলাইন অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় ইউটিউবার পিনাকী ভট্টাচার্য বলেন, দেশের আর কোনো গুরুত্বপূর্ণ ইস্যু যেন আইনপ্রণেতাদের চোখে পড়ে না। পত্রিকায় দেখেছেন, আইনমন্ত্রীও নীতিগতভাবে শাহজাহান চৌধুরীর বিলের সঙ্গে একমত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, 'যেমন এমপি, তেমন মন্ত্রী—খাপে খাপ।'
বিলটি নিয়ে প্রশ্ন তুলে পিনাকী বলেন, আইনমন্ত্রী কি জানেন, তিনি কী নিয়ে কথা বলছেন? জামায়াতের আমির একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও দলের একজন সংসদ সদস্যকে এমন বিল উত্থাপন করতে দেওয়া হলো কেন? তাঁর দাবি, সৌদি আরবেও এ ধরনের আইন নেই।
'ময়নাতদন্ত এমবিবিএস চিকিৎসকের কাজ নয়'
পিনাকী ভট্টাচার্যের মতে, ময়নাতদন্ত একটি বিশেষায়িত দক্ষতার কাজ। সাধারণ এমবিবিএস চিকিৎসক বাধ্য হলে ময়নাতদন্ত করতে পারেন, কিন্তু এ কাজে প্রয়োজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ।
তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা এমনিতেই কম। বিশেষজ্ঞদের ভুলের কারণে অতীতেও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তনু হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ময়নাতদন্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনা ফরেনসিক প্রতিবেদনের সীমাবদ্ধতা সামনে এনেছে।
দুই নারী বিশেষজ্ঞ দিয়ে সারা দেশের ময়নাতদন্ত?
পিনাকীর দাবি, দেশে ফরেনসিক মেডিসিনে বিশেষায়িত ডিগ্রিধারী নারী চিকিৎসকের সংখ্যা মাত্র দুজন। তাঁদের মধ্যে ডা. মমতাজ আরা ও ডা. ইলিজা আলীর নাম উল্লেখ করেন তিনি।
ডা. ইলিজা আলী সরকারি পর্যায়ে দেশের প্রথম ডিগ্রিধারী নারী ফরেনসিক বিশেষজ্ঞ বলে উল্লেখ করে পিনাকী বলেন, এত সীমিতসংখ্যক নারী বিশেষজ্ঞ দিয়ে সারা দেশের নারী মরদেহের ময়নাতদন্ত কীভাবে করা হবে?
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিলটি পাস হলে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে। এমনকি মরদেহ সংরক্ষণের জন্য সারা দেশে হাজার হাজার হিমঘর নির্মাণের প্রয়োজন দেখা দিতে পারে।
'ডাক্তার আদালতে যাবেন কখন, পড়াবেন কখন?'
পিনাকী বলেন, একটি ময়নাতদন্ত করতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগে। দিনে একজন চিকিৎসক সর্বোচ্চ কয়েকটি ময়নাতদন্ত করতে পারবেন। এর বাইরে সংশ্লিষ্ট মামলায় আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয়, আবার চিকিৎসকদের শিক্ষাদান ও অন্যান্য দায়িত্বও রয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, চিকিৎসকেরা আদালতে সাক্ষ্য দেবেন কখন, শিক্ষার্থীদের পড়াবেন কখন, আর সারা দেশের নারী মরদেহের ময়নাতদন্তই বা করবেন কীভাবে?
'নারী ডোম কোথায়?'
ময়নাতদন্তের কাজে শুধু চিকিৎসক নন, মরদেহ বহন, প্রস্তুত করা ও অন্যান্য সহায়ক কাজের জন্যও কর্মীদের প্রয়োজন হয়। পিনাকী প্রশ্ন তুলেছেন, নারী মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে এসব কাজ কারা করবেন? নারী ডোম বা প্রয়োজনীয় নারী সহায়ক কর্মী কোথায়?
তাঁর মতে, বিলটি বাস্তবায়নের আগে এসব বাস্তব সমস্যা বিবেচনায় নেওয়া জরুরি ছিল।
'হার্টের রোগ হলে কার্ডিওলজিস্টের কাছে যাবেন'
ময়নাতদন্তের মতো বিশেষায়িত কাজের গুরুত্ব বোঝাতে পিনাকী বলেন, 'হার্টের রোগ হলে আপনি এমবিবিএসের কাছে যাবেন? নাকি কার্ডিওলজিস্টের কাছে যাবেন?'
বিলটির সমালোচনা করে তিনি বলেন, 'আমি চাই এই বিল পাস হোক। আর সারা দেশে একটা ডিজাস্টার হোক। তাহলে জনগণ বুঝবে কারা বাংলাদেশের রাজনীতি করে।'
জামায়াত ক্ষমতায় গেলে শাহজাহান চৌধুরী মন্ত্রী হতে পারেন—এমন প্রসঙ্গ তুলে পিনাকী প্রশ্ন করেন, 'উনারা কীভাবে দেশ চালাবেন?'
Comments