পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। দিনের তুলনায় রাত ও ভোরে বেশি অনুভূত হচ্ছে শীত। এর সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি। এর আগের দিন বুধবার (২৫ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
Comments