চাঁদাবাজদের রাজনীতি করার কোনো অধিকার নেই: আইনমন্ত্রী
বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে রাজনীতিতে তার কোনো অধিকার নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা দলের জন্য জঞ্জাল ও বোঝা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কয়েকজন চাঁদাবাজি করবেন আর তাতে সমাজে বিএনপির বদনাম ছড়াবে—এটা মেনে নেওয়া যায় না। দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজিতে জড়িত, রাজনীতি করার অধিকার তাদের নেই। তার অভিযোগ, গত ১৬ বছর এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিল; আগামী দিনেও তারা আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে চলবে এবং সংকটের সময় কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবে।
জনগণের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, কমিটমেন্ট দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। কয়েকজন মাদক কারবারির কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না।
প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়ে আইনমন্ত্রী বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলে কোনো কিছু না ভেবেই তাকে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, 'এরা বিএনপির জন্য জঞ্জাল। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। এটা মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন। আমি আপনাদের সাথে আছি।'
Comments