সাইবার হামলার শিকার ফরাসি বার্তা সংস্থা এএফপি, সাময়িকভাবে বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
সাইবার হামলার কবলে পড়েছে ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং তথ্য সুরক্ষার স্বার্থে সংস্থাটির গুরুত্বপূর্ণ কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম 'এএফপি ফোরাম' সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক অভ্যন্তরীণ বার্তায় এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এএফপির অভ্যন্তরীণ ওই ই-মেইলে জানানো হয়, প্যারিসের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে (জিএমটি ০০:৩০) এই সাইবার আক্রমণ শুরু হয়। হামলাকারীরা সরাসরি 'এএফপি ফোরাম' প্ল্যাটফর্মটিকে লক্ষ্যবস্তু করে। উল্লেখ্য, বিশ্বজুড়ে এএফপির গ্রাহক ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে সংস্থাটির প্রতিবেদন, আলোকচিত্র, গ্রাফিক্স এবং ভিডিও কনটেন্ট সংগ্রহ ও ডাউনলোড করে থাকে।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, সিস্টেমে অনধিকার অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এএফপির সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ক্ষয়ক্ষতি এড়াতে এবং সিস্টেমকে সুরক্ষিত রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে 'এএফপি ফোরাম' বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তবে মূল প্ল্যাটফর্মটি সাময়িকভাবে অচল থাকলেও বিশ্বজুড়ে সংবাদ সরবরাহ ও গ্রাহকদের সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে সংবাদ সংস্থাটি।
এ হামলার পেছনে কারা জড়িত বা কোনো সংবেদনশীল তথ্য বেহাত হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি এএফপি। বর্তমানে সংস্থাটির কারিগরি দল পুরো নেটওয়ার্ক ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করছে।
Comments