দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ভাতার আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এই কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন। গ্রামীণ জনপদের সীমিত আয়ের ধর্মীয় সেবাকর্মীদের জীবনযাত্রায় স্বস্তি আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবার এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী (যার মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম ও ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ছিলেন) এই ভাতা পান। পাইলট প্রকল্পের সফলতার পর এর পরিধি বাড়ানো হয়েছে।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের সম্মানী বিতরণ করা হবে।
সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। ইসমাইল জবিউল্লাহ জানান, কাউকে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না; বরং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে টাকা পৌঁছে যাবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অনিয়মের ঝুঁকি থাকবে না।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি উল্লেখ করে উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় দুজন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে নিরপেক্ষভাবে তালিকা তৈরি করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
দেশে বর্তমানে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জাসহ মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরে এক-চতুর্থাংশ প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হচ্ছে এবং বাকিগুলো আগামী চার অর্থবছরে যুক্ত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখবে। তবে প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সেবাকর্মীরা যাতে প্রশাসনিক জটিলতায় বাদ না পড়েন, সেজন্য মাঠপর্যায়ে নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন তারা। পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত একটি বিশেষ সেল কাজ করছে।
Comments