দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান আর হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বা প্রত্যাবর্তন ঘটতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক কাঠামো শক্তিশালী করার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যখনই স্বৈরশাসনের আবির্ভাব ঘটেছে, বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটের মুখে পড়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই সংকট থেকে দেশ মুক্তির পথ খুঁজে পেয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকার ও জনগণের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
Comments