শকুনের মৃত্যু, সুন্দরবনে ৯ দেশের সম্মেলন
গবাদিপশুর চিকিৎসায় ব্যবহৃত কিছু ব্যথানাশক ওষুধ শকুনের মৃত্যুর কারণ হয়ে উঠছে। এসব ওষুধ প্রয়োগ করা পশু মারা যাওয়ার পর তার দেহাবশেষ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয় শকুন। এতে কিডনি বিকল হয়ে পাখিটির মৃত্যু হতে পারে। শকুনের জন্য ক্ষতিকর এসব ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ এবং বিপন্ন পাখিটি সংরক্ষণের উপায় খুঁজতে সুন্দরবনে শুরু হয়েছে নয় দেশের আন্তর্জাতিক সম্মেলন।
বুধবার (২৫ নভেম্বর) পূর্ব সুন্দরবনের করমজলসংলগ্ন পশুর নদীতে পর্যটকবাহী নৌযান 'মালাঙ্গী'তে শুরু হয়েছে 'সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংকশন' (সেভ)-এর ১৩তম বার্ষিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে নয় দেশের ৪৫ জনের বেশি বিজ্ঞানী, সংরক্ষণবিদ, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বাংলাদেশ বন অধিদপ্তরের আয়োজনে সম্মেলনে সহযোগিতা করছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সহায়তা দিচ্ছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষণবিদ ইনাম আল হক। সভাপতিত্ব করেন সেভের চেয়ার জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
বাংলাদেশে শকুনের জন্য ক্ষতিকর ডাইক্লোফেনাক ২০১০ সালে এবং কিটোপ্রোফেন ২০২১ সালে নিষিদ্ধ করা হয়। তবে ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় দেশে ফ্লুনিক্সিন নামের আরেকটি ব্যথানাশক ওষুধের ব্যবহার বাড়ার তথ্য উঠে এসেছে। শকুনের ওপর ওষুধটির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কতটা, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) হিসাবে, বাংলাদেশে আনুমানিক ২৪৫ থেকে ২৬০টি আবাসিক শ্বেতশকুন রয়েছে। ২০২৩ সালের দেশব্যাপী জরিপে এ সংখ্যা ছিল ২৪৮। দক্ষিণ এশিয়ায় শ্বেতশকুনের সংখ্যা একসময়কার তুলনায় ৯৯ দশমিক ৯ শতাংশ কমেছে।
বাংলাদেশে শ্বেতশকুনের টিকে থাকা দুটি প্রজনন কলোনির একটি সুন্দরবনে অবস্থিত। অন্যটি সিলেট অঞ্চলের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এই দুটি এলাকাকে কেন্দ্র করেই দেশে শকুন সংরক্ষণের জন্য দুটি নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শকুন নিরাপদ এলাকা-১ ও শকুন নিরাপদ এলাকা-২ ঘোষণা করা হয়। প্রথম নিরাপদ এলাকাটি সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা নিয়ে গঠিত। এর আয়তন ১৯ হাজার ৬৬৩ দশমিক ১৮ বর্গকিলোমিটার। এ এলাকার অন্তর্ভুক্ত জেলাগুলো হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা ও খাগড়াছড়ি।
দ্বিতীয় নিরাপদ এলাকাটি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েকটি জেলা নিয়ে গঠিত। এর আয়তন ২৭ হাজার ৭১৭ দশমিক ২৬ বর্গকিলোমিটার। এর অন্তর্ভুক্ত জেলাগুলো হলো ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মাদারীপুর, যশোর, গোপালগঞ্জ, নড়াইল, শরীয়তপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা। সুন্দরবন এই দ্বিতীয় নিরাপদ এলাকার গুরুত্বপূর্ণ অংশ।
দুটি নিরাপদ এলাকার মোট আয়তন ৪৭ হাজার ৩৮০ বর্গকিলোমিটারের বেশি। এসব এলাকায় শকুনের প্রজনন ও বিচরণস্থল রক্ষা, ক্ষতিকর ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্যের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে শকুনের জন্য ক্ষতিকর ওষুধ নিয়ন্ত্রণ, বিষটোপ প্রতিরোধ, সংখ্যা পুনরুদ্ধার এবং দেশগুলোর মধ্যে সংরক্ষণ কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শকুনের বিচরণ কোনো দেশের সীমানায় সীমাবদ্ধ নয়। তাই এদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ।
Comments