তৃতীয় সংসারে ভাঙনের সুর, বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় দাম্পত্য জীবনেও নেমে এলো বিচ্ছেদের সুর। গীতিকার মোহসিন মেহেদীর সঙ্গে দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই কণ্ঠশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ন্যান্সি জানান, দুজনের সম্মতিতেই সম্পর্কের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী ও তিনি তাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা দুজনের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়ের পরিক্রমায় তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই এবার আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ সময় তাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ন্যান্সি। পাশাপাশি দুজনের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
জীবনের নতুন অধ্যায় শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই শিল্পী। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় দাম্পত্য বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১২ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রোদেলা।
পরবর্তী সময়ে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও স্থায়ী হয়নি তার দাম্পত্য জীবন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এ সংসারে নায়লা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসারের বিচ্ছেদের পর একই বছরের আগস্টে গীতিকার মোহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সম্পর্কেরও ইতি টানার ঘোষণা দিলেন তিনি। তবে কী কারণে এই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি ন্যান্সি।
Comments