গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন একদল পোশাকশ্রমিক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকেরা। এই ঘটনার জেরে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গাজীপুরের কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন সচল রাখতে পুলিশ তৎপর রয়েছে।
Comments