জাভায় অবৈধ সোনার খনি ধসে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে একটি অবৈধ সোনার খনি। এতে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্ধারকারী দলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার টানা বৃষ্টির কারণে পাশের নদীর পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়ে। একপর্যায়ে সেই পানি খনির ভেতরে প্রবেশ করলে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।
উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের বেশ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। খনির প্রবেশপথ অত্যন্ত সরু এবং প্রায় ১০০ মিটার গভীর। ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পাশাপাশি পিচ্ছিল পথ ও কাদামাটির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, খনিতে পানি প্রবেশের আগেই ১১ জন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার খনির ভেতরে শ্রমিক আটকে পড়ার বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ।
খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় খনিসংক্রান্ত দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে অবৈধ খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকা এবং নিয়মনীতি অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
Comments