সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত।
শুক্রবার (২০ নভেম্বর) 'সশস্ত্র বাহিনী দিবস-২০২৬' উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সাধারণ দেশপ্রেমিক মানুষও এতে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামরিক লড়াই নতুন গতি পায়। দিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানও সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এটিও একটি গুরুত্বপূর্ণ ও গৌরবের ঘটনা।
সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সাহস, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পের সমন্বয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির গর্ব। মুক্তিযুদ্ধে তাদের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের দক্ষতা, সততা ও পেশাদারত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের কাছে তাদের আস্থার প্রতীকে পরিণত করেছে।
তারেক রহমান আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, সুশৃঙ্খল ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকারও আধুনিক প্রযুক্তিনির্ভর, দক্ষ ও গতিশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার অন্যতম প্রতীক সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনী তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য জীবন দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সফলতা এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
Comments