সরকারি বাসায় সাবলেট বন্ধ, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরো অংশ কিংবা কোনো কক্ষ ভাড়া বা সাবলেট দেওয়ার সুযোগ আর থাকছে না। ইতোমধ্যে যারা বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে বরাদ্দ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা এক বা একাধিক কক্ষ অন্য কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। যারা ইতোমধ্যে এ ধরনের ব্যবস্থা করেছেন, তাদের ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজ বরাদ্দ করা বাসায় যথানিয়মে বসবাস করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই 'বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২' অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে ভাড়া বা সাবলেট বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। পরে গত ৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
Comments