শব্দদূষণ নিয়ন্ত্রণে ১ ডিসেম্বর থেকে ডিএমপির কঠোর অভিযান
রাজধানীর সড়কে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে চেকপোস্ট বসিয়ে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
অভিযান শুরুর আগেই যানবাহন থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরিয়ে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীতে হাইড্রোলিক হর্নের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিকট শব্দে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আইন অনুযায়ী এ ধরনের হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও বিভিন্ন যানবাহনে তা দেখা যাচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব সরঞ্জাম সড়কের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। অভিযানের সময় অবৈধ সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন যানবাহনে অবৈধ ডেকোরেশন ও সাইলেন্সার লাগানোর প্রবণতাও রয়েছে। এসব কর্মকাণ্ড রাজধানীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী কাজে নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এসব যানবাহনের বাইরে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনে উচ্চশব্দের হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।
আনিছুর রহমান বলেন, অটোরিকশাসহ একই ধরনের কিছু যানবাহন থেকেও অতিরিক্ত শব্দ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম সিটি করপোরেশন পরিচালনা করছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
এদিকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, এলাকাভেদে শব্দের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনের বেলায় ৫০ এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা রয়েছে। আবাসিক এলাকায় এ মাত্রা দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে।
বিধিমালা অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে বিবেচনা করা হয়।
শব্দদূষণসংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। ২০০৬ সালের বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার কিংবা পটকা ও আতশবাজি ফোটালে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
এ ছাড়া কোনো মোটরযান অনুমোদিত শব্দসীমা অতিক্রম করলে অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্নের মতো অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতেও হর্ন ব্যবহারের বিষয়ে নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, সতর্কসংকেত দেওয়ার জন্য প্রতিটি মোটরযানে অনুমোদিত হর্ন বা শব্দ তৈরির যন্ত্র থাকতে হবে। তবে এর শব্দ নির্ধারিত মাত্রার বেশি হতে পারবে না। একই সঙ্গে বহুশ্রুতি, তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অনুমোদন সাপেক্ষে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
Comments