আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে 'অন্যায্য' বলে মন্তব্য করেছে মিয়ানমার। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেছেন, ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে রায়টি গৃহীত হয়েছে। ফলে এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয় বলে মনে করে মিয়ানমার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর মিয়ানমারের প্রতিক্রিয়া জানতে রাজধানী নেইপিদোতে দেশটির প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি।
এএফপিকে দেওয়া বক্তব্যে মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়টিকে অন্যায্য বলে আখ্যা দেন। তিনি বলেন, মিয়ানমারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হলেও রায়ের ফলাফল তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই একে সর্বসম্মত সিদ্ধান্ত বলা যায় না।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা স্থাপনায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ওই হামলার দায় স্বীকার করে।
এর পরপরই রাখাইনে রোহিঙ্গাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা অভিযানের সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ ব্যাপক নৃশংসতার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশেও রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর সেই মামলার রায় ঘোষণা করে আইসিজে।
Comments