দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪১
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭০ শিশু।শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩৪১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৩৬ শিশুর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে।
এ ছাড়া গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৮৫ শিশু। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।
Comments