‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া থাকতে পারে না’
দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও একটি পক্ষের রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রকামী মানুষের ওপর এখনো হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে অভ্যন্তরীণ অনুসারীদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।
বিএনপির এই নেতা আরও বলেন, যারা রক্তের স্বাদ পেয়েছে, তারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ ছেড়ে পালানোর পরও তাদের সেই প্রবণতা আরও তীব্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মতোই মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি।
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেই বেলা ১১টার দিকে কালিয়া উপজেলায় পৌঁছান রিজভী। সেখানে পৌর এলাকার চাঁদপুর কবরস্থানে গিয়ে নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Comments