গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, সে সময় শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও তারা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছেন। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণে ছাত্রসমাজের অবদান সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের কল্যাণে শিক্ষা যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য বর্তমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটা অবদান রাখছে, তা পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও মানবিক প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
Comments