চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করল অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে বদলি কিংবা পদায়নের জন্য আবেদন করতে হবে অনলাইনে। কোনো ধরনের হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
গত ১৬ নভেম্বর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়মটি অধিদপ্তরের আওতাধীন ষষ্ঠ গ্রেডের সব কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ছাড়া এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার ক্ষেত্রে কার্যকর হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে প্রশাসন শাখার এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে পাঠাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই করে যৌক্তিক বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে। নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা কোনো আবেদন আর গ্রহণযোগ্য হবে না।
এদিকে, এরই মধ্যে বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি অথবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। এসব কর্মকর্তা ছুটি কিংবা প্রশিক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হলে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বদলির আদেশ কার্যকর করতে প্রতিষ্ঠানপ্রধানদেরও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যৌক্তিক কোনো কারণ না থাকলে বদলির আদেশ পাওয়া কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবসের বেশি রাখা যাবে না। সাত কর্মদিবস শেষ হওয়ার পরদিনই তাঁকে অবমুক্ত করতে হবে।
নতুন কর্মস্থলে যোগদান কিংবা আগের কর্মস্থল থেকে অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ ধরনের আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
এ ছাড়া বদলি বা পদায়নের আদেশ পুনর্বিবেচনার আবেদন করতে হলে নতুন কর্মস্থলে যোগদানের পর তা করা যাবে। তবে আদেশে কোনো তথ্যগত ভুল বা প্রশাসনিক জটিলতা থাকলে যোগদানের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
শিক্ষা প্রেষণ কিংবা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদেরও সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। পাশাপাশি অনলাইনে পদায়নের আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বদলি-পদায়নসহ যেকোনো প্রশাসনিক প্রয়োজনে অধিদপ্তরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র বা ছুটির অনুমোদন সংগ্রহ করতে হবে। প্রয়োজনে অধিদপ্তরে উপস্থিত হয়ে ওই অনুমোদনপত্র দেখাতে হবে।
সূত্র:বাসস
Comments