কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি
কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বড় ধরনের ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতির মোট দামের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংকঋণ পাওয়া যাবে। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ দিতে হবে ক্রেতাকে নিজের তহবিল থেকে।
একই সঙ্গে কৃষি ঋণের আওতা বাড়িয়ে উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম কৃষি কার্যক্রমেও ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় আগের নীতিমালার একাধিক ধারা সংশোধনের পাশাপাশি নতুন বিধান যুক্ত করা হয়েছে।
কারা পাবেন কৃষি ঋণ
নতুন নীতিমালায় কৃষি খাতে সরাসরি কিংবা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, উদ্যোক্তা, দল ও প্রতিষ্ঠানকে ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় আয়বর্ধক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিরাও নির্ধারিত খাতে ঋণ নিতে পারবেন।
ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, বর্গাচাষি এবং অন্যান্য কৃষকের জন্য সহজ শর্তে ব্যক্তিগত ও দলগতভাবে ঋণ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে তিনি এ সুবিধার আওতায় আসবেন না।
কৃষিঋণের ৫৫ শতাংশ বরাদ্দ শস্য-ফসল খাতে
কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো শস্য ও ফসল উৎপাদন, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ। নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর নির্ধারিত কৃষিঋণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে ব্যয় করতে হবে। সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে বরাদ্দ থাকবে ২ শতাংশ, মৎস্য খাতে ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ।
অবশিষ্ট ১০ শতাংশ অর্থ কৃষি উৎপাদন, গ্রামীণ উৎপাদন ও সেবামূলক কর্মকাণ্ড, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলসহ অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমে বিতরণ করা যাবে। এ ক্ষেত্রে ডিজিটাল কৃষিসেবা, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ এবং জলবায়ু সহনশীল স্মার্ট কৃষিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ
প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ব্যাংকঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের ব্যবস্থা করতে বলা হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিদের সহজে ঋণ পাওয়ার সুযোগ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঋণ বিতরণ করতে হবে।
প্রয়োজনে স্থানীয় হাটের দিন ব্যাংক কর্মকর্তারা বিশেষ ক্যাম্প আয়োজন করে কৃষিঋণ সম্পর্কে তথ্য জানাতে এবং ঋণ বিতরণ করতে পারবেন।
এ ছাড়া কৃষিঋণ গ্রহণ ও পরিশোধের বিষয়ে সচেতনতা বাড়ানো, কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত এবং তদারকি জোরদার করতে ব্যাংকগুলোকে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। এসব আয়োজনে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত ঋণ সুবিধা
নতুন নীতিমালায় কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ঋণ সুবিধার আওতায় আনা হয়েছে। এর ফলে কৃষি উপকরণ সরবরাহ, ফসল উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ঋণ নিতে পারবেন।
কৃষিপণ্য সংরক্ষণাগার পরিচালনাকারী, প্রক্রিয়াজাতকারী, পরিবহনকারী, উদ্যোক্তা এবং পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ সুবিধা পাবেন। মূলত কৃষিপণ্যের উৎপাদন থেকে বাজার পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
আধুনিক প্রযুক্তির কৃষিতে বাড়তি গুরুত্ব
কৃষি উৎপাদন বাড়াতে নতুন নীতিমালায় নির্ভুলতাভিত্তিক চাষাবাদ বা প্রিসিশন ফার্মিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির অবস্থান ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উপকরণের অপচয় রোধ এবং ফলন বাড়ানো সম্ভব।
এ ধরনের কৃষিকাজে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, জিপিএস, ড্রোন, বিভিন্ন সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ করতে হবে।
জলবায়ু সহনশীল কৃষিতেও ঋণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন টেকসই করতে বিভিন্ন কার্যক্রমে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। এর মধ্যে রয়েছে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের চাষ, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি উৎপাদন এবং বৃষ্টির পানি সংরক্ষণ।
এ ছাড়া সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সৌরশক্তিচালিত সেচ পাম্প, নবায়নযোগ্য জ্বালানি, মাটির স্বাস্থ্য রক্ষা ও জৈব সার ব্যবহারের মতো কার্যক্রমেও ঋণ দেওয়া যাবে। আবহাওয়ার পূর্বাভাস কাজে লাগিয়ে কৃষিকাজ এবং কৃষি বনায়নেও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
কৃষি যন্ত্রপাতির দামের ৭০-৮০ শতাংশ ঋণ
কৃষির যান্ত্রিকীকরণ বাড়াতে সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এ খাতে মোট কৃষিঋণের লক্ষ্যমাত্রার ২ শতাংশ বরাদ্দ থাকবে।
সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ, হস্তচালিত নলকূপ এবং ট্রেডল পাম্প কেনায় ঋণ পাওয়া যাবে। পাশাপাশি ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র এবং স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার জন্যও ঋণ দেওয়া যাবে।
সার ব্যবহারের অপচয় কমাতে দানাদার বা গুটি ইউরিয়া তৈরির যন্ত্র উৎপাদনকারীদের ঋণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে পারবে ব্যাংক।
নীতিমালার সংযোজনী অনুযায়ী, এসব যন্ত্রপাতির মোট ক্রয়মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। অবশিষ্ট ২০ থেকে ৩০ শতাংশ অর্থ ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে দিতে হবে।
নির্ধারিত তালিকায় বিভিন্ন যন্ত্রপাতির আনুমানিক মূল্যও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি কম্বাইন্ড হারভেস্টারের দাম ধরা হয়েছে ২০ থেকে ২৫ লাখ টাকা। রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা। রাইস ট্রান্সপ্লান্টারের মূল্য ৭ থেকে ২০ লাখ টাকা এবং ট্রাক্টরের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাওয়ার টিলারের আনুমানিক মূল্য ২ থেকে ৩ লাখ টাকা এবং পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের দাম ২ থেকে ৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রকৃত বাজারমূল্য যাচাই করতে হবে।
ঋণ পেতে যেসব শর্ত মানতে হবে
কৃষি যন্ত্রপাতি কেনার ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক এবং কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবাদানকারীরাও এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।
জামানতের ক্ষেত্রে ছোট যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার ও পাম্প কেনার ঋণে সংশ্লিষ্ট যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে রাখতে পারবে ব্যাংক। তবে কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের মতো ব্যয়বহুল যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি, জমি কিংবা স্থাবর সম্পত্তি অতিরিক্ত জামানত হিসেবে নেওয়া যেতে পারে।
যন্ত্রপাতির স্থায়িত্ব ও ব্যবহারকাল বিবেচনা করে ব্যাংক ঋণের মেয়াদ এবং কিস্তির সময়সূচি নির্ধারণ করবে। সাধারণভাবে এসব যন্ত্রের কার্যকাল তিন থেকে পাঁচ বছর ধরা হয়েছে।
কৃষি যন্ত্রপাতি থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ত্রৈমাসিক, ছয় মাস অন্তর, বার্ষিক কিংবা ঋণের মেয়াদ শেষে কিস্তি পরিশোধের ব্যবস্থা রাখা যাবে। প্রয়োজনে ঋণ পরিশোধে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়ার সুযোগও রয়েছে।
ঋণের আবেদন করার সময় যন্ত্রপাতির সম্ভাব্য মূল্য বা দরপত্র জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তারা আবেদনকারীর জমি ও আয়ের উৎস সরেজমিনে যাচাই করবেন। পরিদর্শন ও প্রয়োজনীয় যাচাই শেষে যোগ্য আবেদনকারীর ঋণ অনুমোদন করা যাবে। পাশাপাশি কৃষি বীমার বিষয়টিও বিবেচনায় নিতে পারবে ব্যাংক।
সৌরবিদ্যুৎ ও জৈব সার উৎপাদনেও অর্থায়ন
কৃষিতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনের জন্য দেওয়া ঋণ কৃষি ঋণ হিসেবে গণ্য হবে।
বিশেষ করে বিদ্যুৎ সংযোগ নেই এমন অনগ্রসর এলাকায় ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল স্থাপন করে সোলার হোম সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রেও ঋণ দেওয়া যাবে।
একইভাবে গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনের জন্য দেওয়া অর্থায়নও কৃষি ও পল্লী ঋণের আওতায় আসবে।
এ ধরনের ঋণের নিয়ম ও পরিশোধের সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে কেঁচো কম্পোস্ট উৎপাদন সম্প্রসারণে ব্যাংকগুলোকে অর্থায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বড় ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে
কৃষি ও পল্লী ঋণ কার্যক্রমের অগ্রগতি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রতি মাসে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
এ ছাড়া ব্যাংকের নিজস্ব শাখা ও নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।
Comments