রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতনের তথ্য তুলে ধরল আইসিজে
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে হত্যা, নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা এবং ব্যাপক নির্যাতন চালানোর তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের শুরুতে আদালতের পর্যবেক্ষণে এসব বিষয় উঠে আসে।
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিপুলসংখ্যক বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংস কর্মকাণ্ড চালানো হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময়ও বহু রোহিঙ্গা হামলার শিকার হয়েছেন।
তবে এসব অপরাধ আন্তর্জাতিক আইনের আওতায় গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, সে বিষয়ে আদালতের বিচারিক পর্যালোচনা চলছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু করেন। ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলাটিতে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে দেশছাড়া করা হয়। ওই অভিযানে মিয়ানমার রাষ্ট্র গণহত্যার দায় এড়াতে পারে না। অভিযানের সময় হত্যা, ধর্ষণ এবং রোহিঙ্গাদের বসতবাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটে বলে বেঁচে ফেরা ব্যক্তিরা অভিযোগ করেছেন।
জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের আলামত থাকার কথা জানিয়েছিল।
এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে ন্যায়বিচারের পথ সুগম হবে এবং একসময় নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে।
আইসিজের ১৫ বিচারপতির এই রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গুরুত্বপূর্ণ এই বিচারিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
২০১৭ সালের রোহিঙ্গা সংকট: গুরুত্বপূর্ণ ঘটনাপঞ্জি
২৫ আগস্ট ২০১৭: মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রায় ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সহিংসতা বাড়তে থাকায় বিপুলসংখ্যক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন।
২ সেপ্টেম্বর ২০১৭: সামরিক অভিযানের কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ২ হাজার ৬০০টির বেশি বাড়িঘর ধ্বংস করা হয়।
১১ সেপ্টেম্বর ২০১৭:জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের সামরিক অভিযানকে জাতিগত নিধনের একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।
১৯ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
১২ ডিসেম্বর ২০১৭: আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, তাদের জরিপ অনুযায়ী ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা অন্তত ৭৩০।
১০ জানুয়ারি ২০১৮: রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী। পরবর্তী সময়ে এ ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্যকে ২০১৯ সালের মে মাসে আগাম মুক্তি দেওয়া হয়।
আইসিজেতে মামলার অগ্রগতি
নভেম্বর ২০১৯:গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশের সমর্থনে মামলাটি করা হয়।
জানুয়ারি ২০২০:রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইসিজে।
২০২৩-২০২৪:কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ মামলার বিচারিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং গণহত্যা সনদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার আবেদন করে। আদালত এসব আবেদন গ্রহণ করেন।
জানুয়ারি ২০২৬:মামলাটির বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারকরা রায় প্রস্তুতের প্রক্রিয়া শুরু করেন।
৩ নভেম্বর ২০২৬:আইসিজে ঘোষণা দেয়, ১৯ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
সূত্র: এএফপি
Comments