গঙ্গার পানি চুক্তি শুধু কূটনৈতিক বিষয় নয়, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর যখন বাংলাদেশ ও ভারত গঙ্গার পানিবণ্টন চুক্তিতে সই করেছিল,তখন তাকে নিছক একটি দ্বিপাক্ষিক সমঝোতা বলে দেখার উপায় ছিল না। ফারাক্কাকে কেন্দ্র করে দীর্ঘদিনের টানাপড়েন,অবিশ্বাস এবং কূটনৈতিক সংঘাতের মধ্যে চুক্তিটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু তিন দশক পর সেই চুক্তির মেয়াদ যখন শেষের মুখে,তখন প্রশ্ন উঠছে, পুরনো সমঝোতার মেয়াদ আরও তিরিশ বছর বাড়ালেই কি সমস্যার সমাধান হবে? নাকি বদলে যাওয়া বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নতুন করে ভাবার সময় এসেছে?
প্রশ্নটি নিছক কূটনৈতিক নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি,জীবিকা,খাদ্য নিরাপত্তা,সুন্দরবনের অস্তিত্ব এবং কোটি মানুষের ভবিষ্যৎ। তাই গঙ্গার পানি চুক্তি নিয়ে এখনই সিরিয়াস আলোচনা প্রয়োজন।
১৯৯৬ সালের চুক্তির সবচেয়ে বড় সাফল্য ছিল,গঙ্গার পানি বণ্টনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা। ফারাক্কায় পানির প্রবাহের ভিত্তিতে প্রতি দশ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি ভাগের ব্যবস্থা করা হয়েছিল। যৌথভাবে পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং বিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের পথও রাখা হয়েছিল। অর্থাৎ,দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা হয়েছিল। সেই সাফল্যকে অস্বীকার করার কোনও কারণ নেই।
কিন্তু একটি চুক্তির ঐতিহাসিক গুরুত্ব থাকলেই যে তার প্রতিটি শর্ত ভবিষ্যতের জন্য উপযুক্ত থাকবে,এমন নয়। ১৯৯৬ সালের পৃথিবী আর ২০২৬ সালের পৃথিবী এক নয়। তিন দশকে গঙ্গা অববাহিকার জনসংখ্যা বেড়েছে,কৃষির ধরন বদলেছে,সেচের চাহিদা বেড়েছে,নগরায়ণ বিস্তৃত হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত। কোথাও দীর্ঘ খরা,কোথাও অনিয়মিত বৃষ্টিপাত,আবার কোথাও অল্প সময়ে অতিবৃষ্টি ও বন্যা। এই বাস্তবতায় কয়েক দশক আগের গড় প্রবাহের হিসাব দিয়ে আগামী তিরিশ বছরের পানিবণ্টন নির্ধারণ করা কতটা যুক্তিসংগত?
চুক্তির অন্যতম দুর্বলতা হল বাংলাদেশের জন্য গোটা শুষ্ক মৌসুমে একটি অবিচ্ছিন্ন ও বাধ্যতামূলক ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা হয়নি। অনেকের ধারণা,চুক্তি অনুযায়ী বাংলাদেশ সব সময় অন্তত ৩৫ হাজার কিউসেক পানি পায়। বাস্তবে বিষয়টি তেমন নয়। নির্দিষ্ট কিছু দশ দিনের পর্যায়ে পালাক্রমে ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার ব্যবস্থা থাকলেও পুরো শুষ্ক মৌসুমের জন্য এমন নিশ্চয়তা নেই। আবার কোনও দশ দিনের পর্যায়ে ফারাক্কায় প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশকে আলোচনায় বসার কথা বলা হয়েছে। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হলে কী হবে,বাংলাদেশের ন্যূনতম প্রাপ্য কী ভাবে নিশ্চিত হবে,তার স্পষ্ট ও কার্যকর উত্তর নেই।
একটি আন্তর্জাতিক নদীর পানিবণ্টন যদি শেষ পর্যন্ত আলোচনার সদিচ্ছার উপর নির্ভর করে,তবে সেখানে দুর্বল পক্ষের উদ্বেগ থেকেই যায়। বিশেষত যখন দুই দেশের ভৌগোলিক অবস্থান এক নয়। ভারত উজানের দেশ,বাংলাদেশ ভাটির দেশ। ফলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের বাস্তব ক্ষমতাও সমান নয়। এই অসমতা স্বীকার না করে ন্যায্য পানিবণ্টনের কথা বলা কঠিন।
আরও একটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। গঙ্গা শুধু ফারাক্কা থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত প্রবাহিত কোনও নদী নয়। তার বিস্তৃত অববাহিকা রয়েছে। উজানে কোথায় কত পানি প্রত্যাহার হচ্ছে, কী ধরনের বাঁধ ও জলাধার তৈরি হচ্ছে, সেগুলির সম্মিলিত প্রভাব কতটা,এসব না জেনে শুধু ফারাক্কায় পৌঁছনো পানির হিসাব দিয়ে ন্যায্যতা বিচার করা যায় না। নতুন চুক্তির ভিত্তি হওয়া উচিত গোটা অববাহিকার বৈজ্ঞানিক তথ্য।
এখানে পরিবেশের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীকে শুধু ভাগ করে নেওয়ার মতো পানির উৎস হিসেবে দেখলে তার প্রকৃত চরিত্র বোঝা যায় না। নদীর সঙ্গে যুক্ত থাকে পলি,মাছ,জীববৈচিত্র্য,ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গঙ্গার পর্যাপ্ত মিঠাপানির প্রবাহ না থাকলে লবণাক্ততার সমস্যা বাড়ে। ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি,পানীয় জলের উৎস এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র। গড়াই নদীর প্রবাহও এর সঙ্গে গভীর ভাবে সম্পর্কিত।
অতএব, নতুন চুক্তিতে শুধু কে কত কিউসেক পানি পাবে,সেই প্রশ্ন থাকলে চলবে না। পরিবেশগত প্রবাহের ন্যূনতম মানদণ্ড,সুন্দরবনের মিঠাপানির প্রয়োজন,গড়াইয়ের প্রবাহ পুনরুদ্ধার এবং মৎস্যসম্পদ রক্ষার বিষয়গুলিকেও বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করতে হবে। কারণ নদী বাঁচলে তবেই নদীনির্ভর জনপদ বাঁচবে।
চুক্তির আর একটি গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা। দুই দেশের যৌথ কমিটি পানির প্রবাহ পর্যবেক্ষণ করে ঠিকই,কিন্তু সেই তথ্য সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছয়? প্রতিদিন ফারাক্কায় কত পানি আসছে,কতটা ফিডার ক্যানালে যাচ্ছে,বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজে কতটা প্রবাহ পৌঁছচ্ছে-এই তথ্য নিয়মিত প্রকাশ করা প্রয়োজন। নদীর পানির হিসাব শুধু দুই সরকারের নথিতে আটকে থাকা উচিত নয়। গবেষক, পরিবেশবিদ এবং সাধারণ মানুষেরও তা জানার অধিকার রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন,চুক্তির মেয়াদ শেষ হলে কী হবে? ১৯৯৬ সালের চুক্তির ১২ নম্বর অনুচ্ছেদে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের কথা বলা হয়েছে। অর্থাৎ, মেয়াদ শেষ হলেই চুক্তি স্বয়ংক্রিয় ভাবে আরও তিরিশ বছর চালু থাকবে না। নতুন সমঝোতা প্রয়োজন। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হলে অন্তর্বর্তী সময়ে কী নিয়মে পানি বণ্টন হবে,তার স্পষ্ট নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হওয়া স্বাভাবিক।
এখানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান হওয়া উচিত দৃঢ়,কিন্তু বাস্তববাদী। শুধু পুরনো চুক্তি নবায়নের দাবি জানালে চলবে না। বরং নতুন চুক্তির জন্য কয়েকটি মৌলিক শর্ত সামনে রাখতে হবে। প্রথমত,পুরো শুষ্ক মৌসুমে কার্যকর ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত,প্রবাহ অস্বাভাবিক ভাবে কমে গেলে কী ভাবে পানি ভাগ হবে,তার আগাম নির্ধারিত সূত্র থাকতে হবে। তৃতীয়ত,উজানের পানি প্রত্যাহার ও অবকাঠামো সংক্রান্ত তথ্য বিনিময় বাধ্যতামূলক করতে হবে। চতুর্থত,পরিবেশগত প্রয়োজন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে চুক্তির অবিচ্ছেদ্য অংশ করতে হবে। পঞ্চমত,বিরোধ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা এবং প্রয়োজনে নিরপেক্ষ বিশেষজ্ঞ বা সালিশি ব্যবস্থার সুযোগ রাখতে হবে।
সবচেয়ে জরুরি,নতুন চুক্তিতে এমন একটি অন্তর্বর্তী ধারা থাকা প্রয়োজন,যাতে মেয়াদ শেষ হলেও পরবর্তী চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত আগের পানিবণ্টন ব্যবস্থা চালু থাকে। কোনও আলোচনার ব্যর্থতার দায় যেন নদীর ভাটিতে বসবাসকারী সাধারণ মানুষকে বহন করতে না হয়।
ভারতের জন্যও বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সঙ্গে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক ভারতের উত্তর-পূর্বাঞ্চল,সীমান্তবর্তী রাজ্য এবং সামগ্রিক আঞ্চলিক সহযোগিতার স্বার্থের সঙ্গে জড়িত। নদীর পানি নিয়ে দীর্ঘস্থায়ী অবিশ্বাস দুই দেশের সম্পর্ককে অকারণে জটিল করে তুলতে পারে। বরং যৌথ বৈজ্ঞানিক গবেষণা,তথ্য বিনিময় এবং অববাহিকাভিত্তিক পরিকল্পনা দুই দেশেরই দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করতে পারে।
মনে রাখতে হবে,আন্তর্জাতিক নদীর পানি কোনও এক দেশের একক সম্পত্তি নয়। আন্তর্জাতিক আইনে ন্যায়সংগত ও যুক্তিসংগত ব্যবহার,অন্য দেশের উল্লেখযোগ্য ক্ষতি না করা এবং পারস্পরিক সহযোগিতার নীতি স্বীকৃত। বাংলাদেশ কোনও অনুগ্রহ চাইছে না। চাইছে তার ন্যায্য অধিকার।
১৯৯৬ সালের চুক্তি তার সময়ের প্রয়োজন মিটিয়েছিল। কিন্তু ২০২৬ সালের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সেই চুক্তির মেয়াদ বাড়ানো যথেষ্ট নয়। প্রয়োজন এমন একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও কার্যকর সমঝোতা,যেখানে পানির পরিমাণের পাশাপাশি নদীর পরিবেশ,ভাটির মানুষের জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও গুরুত্ব পাবে।
গঙ্গার জল নিয়ে আলোচনা তাই কেবল কূটনীতিকদের টেবিলে সীমাবদ্ধ রাখার বিষয় নয়। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ,পরিবেশগত নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রশ্ন। যে নদী দুই দেশের ভূগোলকে যুক্ত করেছে,তাকে বিরোধের উৎস না করে সহযোগিতার সেতুতে পরিণত করাই হওয়া উচিত দুই দেশের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে এখনই সময় গঙ্গার পানি চুক্তি নিয়ে আরও গভীর,আরও দায়িত্বশীল এবং আরও সিরিয়াস ভাবে ভাবার।
Comments