কাঁঠালবাগানে আবাসিক ভবনে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ফ্ল্যাটের গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। দগ্ধদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন চিকিৎসা নিতে ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Comments