সুন্দরবনের গহিনে লুকানো ১০ বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার ও চারটি একনলা বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান চলছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।--হেড লাইন সাজেস্ট করুন
Comments