উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার
আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর রাখতে শক্তিশালী সংসদের বিকল্প নেই। জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আইনপ্রণেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত এক অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনডিপি বাস্তবায়নাধীন 'Strengthening Institutions, Policies and Services (SIPS)' প্রকল্পের আওতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ' শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের আকার ও পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াও জটিল হচ্ছে। এ অবস্থায় জনপ্রতিনিধিদের সরকারি ক্রয় ও পাবলিক প্রকিউরমেন্ট কার্যক্রম সম্পর্কে যথাযথ ধারণা থাকা প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের অপচয় রোধে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সংসদ সদস্যদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।
বর্তমান সংসদের ভূমিকা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করছেন। তাঁর অভিযোগ, বিগত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে জনগণ বর্তমান সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে।
দেশের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করে তিনি সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হওয়ায় জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব ও জবাবদিহির পরিধি বেড়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে যেভাবে পরাজিত করা সম্ভব হয়েছে, একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনও সম্ভব।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ কিংবা সরকারি ব্যয়ের হিসাব রাখলেই চলবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য সংসদীয় নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী করা জরুরি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ ও কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার চেষ্টা চলছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্পিকার সংসদের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments