সিডরের ১৯ বছর: ঝালকাঠিতে ভয়াবহতার ক্ষত এখনো রয়ে গেছে
আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল উপকূলীয় জেলা ঝালকাঠি। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিস্তীর্ণ জনপদ। মাটির সঙ্গে মিশে গিয়েছিল অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছিল গাছপালা, নষ্ট হয়েছিল মাঠের ফসল। প্রাণ হারিয়েছিলেন মানুষ, পশুপাখি ও গবাদিপশু। ভেঙে পড়েছিল যোগাযোগব্যবস্থা। সিডরের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও ঝালকাঠির কাঁঠালিয়া, রাজাপুর, নলছিটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এর ক্ষত পুরোপুরি মুছে যায়নি।
সুগন্ধা ও বিষখালী নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধের অভাব, নদীভাঙন, ক্ষতিগ্রস্ত সড়ক এবং বিভিন্ন অবকাঠামোর দুরবস্থা এখনো মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বিষখালী নদীতীরবর্তী জনপদে সিডরের পরও নিরাপত্তার সংকট রয়ে গেছে। নদীতীরের বাসিন্দাদের কাছে ঘূর্ণিঝড় কিংবা সাগরে নিম্নচাপ সৃষ্টির খবর মানেই আতঙ্ক। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেই তাঁদের মনে ভেসে ওঠে ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াবহ রাত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিডরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।
ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে
২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যার পর থেকেই ঝালকাঠির উপকূলীয় এলাকায় বাড়তে থাকে ঝড়ো হাওয়ার তীব্রতা। রাত সাড়ে ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শুরু হয় বলে স্থানীয়দের স্মৃতিচারণে উঠে এসেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয় ঘূর্ণিঝড়। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে ঘরবাড়ি, উপড়ে যায় বড় বড় গাছ। নদীর পানি ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা।
স্থানীয়দের অনেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করেন। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এক থেকে তিন মাস পর্যন্ত। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেও সময় লাগে।
কাঁঠালিয়ায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি
স্থানীয়দের ভাষ্যমতে, ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ঝালকাঠির দক্ষিণাঞ্চলের কাঁঠালিয়া উপজেলা ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। আমুয়া বন্দরসহ উপজেলার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। জলোচ্ছ্বাসে ভেসে যায় গবাদিপশু, হাঁস-মুরগি। ধ্বংস হয় মানুষের বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা বসতভিটা। সিডরের প্রভাবে কাঁঠালিয়ার ওপর দিয়ে ১৫ থেকে ১৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যায়। এতে বিষখালী নদীর প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ১৯ বছর পেরিয়ে গেলেও সেই বাঁধ পুনর্নির্মাণ না হওয়ার অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। সিডরের ক্ষয়ক্ষতির অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকার বিষয়টি উল্লেখ করেন। নদীর পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় বলে তাঁদের ধারণা।
২৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হয়নি
সিডরে বেড়িবাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁঠালিয়া উপজেলার পাঁচটি এবং রাজাপুর উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশত গ্রাম। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলাও ক্ষতিগ্রস্ত হয়। বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারেই তলিয়ে যায় ফসলের ক্ষেত। দুর্যোগের সময় পানি ঢুকে পড়ে বসতঘরে। নদীতীরবর্তী মানুষের অভিযোগ, শুধু ঘূর্ণিঝড় নয়, স্বাভাবিক জোয়ারের পানিতেও তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। পানি ঢুকে পড়ে ফসলের জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, দোকানপাট ও অন্যান্য স্থাপনায়। কৃষকের ফসল নষ্ট হয়, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
নিম্নচাপের খবরেই আতঙ্কিত নদীতীরের মানুষ
বিষখালী নদীতীরবর্তী কাঁঠালিয়া ও রাজাপুরের মানুষের কাছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনো আতঙ্কের নাম। আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিলেই অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখে। কেউ আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন, কেউবা আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপদ আশ্রয়ের কথা ভাবেন।
বিষখালী নদীতীরের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, "সিডর আমাদের অনেক ক্ষতি করেছে। আমাকে একেবারে পথে বসিয়েছিল। আজও ভুলতে পারিনি সেই রাতের কথা। আমরা এখনো নদীভাঙনের কবলে আছি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ চাই।"
বারইকরণ এলাকার বাসিন্দা আব্দুল মতিন মিয়া বলেন, সিডরে তাঁদের এলাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর স্থায়ীভাবে আর নির্মিত হয়নি। একবার সাময়িকভাবে মেরামত করা হলেও প্রাকৃতিক দুর্যোগে তা আবার ভেঙে যায়। স্বাভাবিক জোয়ারেও ফসলের ক্ষেত তলিয়ে যায়। বন্যার সময় মানুষের ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, এতিমখানা ও মসজিদে পানি ওঠে। তিনি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
নদীতীরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বেড়িবাঁধ ভাঙার কারণে তাঁদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, পুরনো খেয়াঘাট ও প্রায় ৫০০ একর জমি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।
নদীতীরের বাসিন্দা শেফালী বেগমের ভাষ্য, ঘরবাড়িতে পানি উঠে তলিয়ে যায়। বাঁধ ভাঙা থাকায় অনেক স্থানে চলাচলও কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করতে হয়। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হলে তাঁদের জীবন অনেকটা নিরাপদ হবে।
স্থানীয়দের মতে, সিডরের পর বিভিন্ন সময় উন্নয়ন ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও নদীতীরবর্তী জনপদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হয়নি। ফলে দুর্যোগের আশঙ্কা দেখা দিলেই তাঁদের মধ্যে ২০০৭ সালের সেই ভয়াবহ স্মৃতি ফিরে আসে।
১৯ বছর পরও স্থায়ী সমাধানের অপেক্ষা
সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলীয় এলাকার মানুষের প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর সংস্কার। পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থা এবং আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ চান তাঁরা। শুধু সাময়িক মেরামত কিংবা জরুরি ত্রাণ নয়, উপকূলীয় জনপদকে দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই অবকাঠামো। নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি। ১৯ বছর আগে সিডর কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করেছিল হাজারো স্বপ্ন। সেই ভয়াবহতার স্মৃতি আজও ঝালকাঠির উপকূলীয় মানুষের জীবনে গভীর ক্ষত হয়ে রয়েছে। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলালেও নদীতীরের মানুষের নিরাপত্তার প্রশ্নটি এখনো রয়ে গেছে।সিডরের ১৯ বছর পূর্তিতে তাই উপকূলবাসীর একটাই প্রত্যাশা—আর কোনো সিডর যেন তাঁদের ঘরবাড়ি, স্বজন ও জীবিকা কেড়ে নিতে না পারে। বিষখালী ও সুগন্ধা নদীতীরের জনপদে নির্মিত হোক টেকসই বেড়িবাঁধ, নিশ্চিত হোক মানুষের নিরাপদ জীবন।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ. কে. এম. নিলয় পাশা বলেন, নদীভাঙন রোধে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জেলার বিভিন্ন স্থানের টেকসই ভাবে বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প চলমান রয়েছে।
Comments