ব্যক্তিগত দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায়ভার পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তার ভাষ্য, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তার দায়ভারও ব্যক্তিগতভাবেই বহন করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও দায়। এর সঙ্গে পুরো পুলিশ বাহিনীকে দায়ী করার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় বাহিনী কোনোভাবেই দায়ভার গ্রহণ করবে না।
মামলার প্রক্রিয়া সম্পর্কে কমিশনার জানান, গত শনিবার একটি মামলার এজাহার পায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে সেটি পাঁচলাইশ থানায় জমা দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগ হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানান কমিশনার।
পুলিশের অভ্যন্তরে এমন ঘটনায় মানসিক চাপ তৈরি হয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটি বাহিনীর মানসিক চাপে পড়ার বিষয় নয়। সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় তাকেই নিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যে-ই জড়িত হবেন, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে মিলেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার কথাও উল্লেখ ছিল বলে দাবি করেন তিনি।
ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও সরকারি ব্যবহারের দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।
যেসব অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
Comments