দুই মাস পর ছেলের ছবি প্রকাশ করলেন সোহিনী
মাতৃত্বের স্বাদ নেওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো নিজের ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সন্তানের দুটি ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে উঠেছে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘর।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন সোহিনী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।' পোস্টটি প্রকাশের মাত্র ১০ মিনিটের মধ্যেই এতে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া জানান ভক্তরা।
গত ২০ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জন্ম নেয় সোহিনী ও তাঁর স্বামী শোভনের প্রথম সন্তান।
সন্তান জন্মের দিন ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। সেখানে তাঁরা লেখেন, 'আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।'
এর আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে মা-বাবা হওয়ার খবর প্রকাশ করেছিলেন সোহিনী। সে সময় স্বামী শোভনের সঙ্গে বেবিবাম্পের একটি ছবি শেয়ার করে জীবনের নতুন অধ্যায়ের আগমনী বার্তা দেন তিনি। খবরটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন। বিয়ের দুই বছরের মধ্যেই তাঁদের পরিবারে আসে নতুন সদস্য। এবার সন্তানের প্রথম ছবি প্রকাশ করে মাতৃত্বের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
Comments