দেশে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু আজ, অংশ নেবেন ৩০ দেশের প্রতিনিধি
ক্রমবর্ধমান সরকারি ঋণ, ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের জোগান নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পথ খুঁজতে আজ শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। কক্সবাজারে দুই দিনব্যাপী এ আয়োজনে সরকারি ঋণ ব্যবস্থাপনার আধুনিকায়ন, ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় 'ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬' শীর্ষক সম্মেলনটির আয়োজন করা হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা'। সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, সরকারি ঋণ ব্যবস্থাপনা সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে সরকারি ঋণের হিসাব সংরক্ষণ, নতুন ঋণ গ্রহণের পরিকল্পনা, সুদ ও আসল পরিশোধের সময়সূচি তৈরি এবং ঋণসংক্রান্ত ঝুঁকি পর্যবেক্ষণে সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।
এ ছাড়া আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কার্যকরভাবে নিয়ন্ত্রণের বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।
সাম্প্রতিক সময়ে সরকারি ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সুদ পরিশোধে বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে। ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অন্যান্য সরকারি খাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ঋণ গ্রহণের আগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, সম্ভাব্য ব্যয় ও ঝুঁকি মূল্যায়ন এবং অর্থায়নের উৎস বহুমুখী করার প্রয়োজনীয়তা বাড়ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরামর্শ বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে সম্মেলনটি কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।
Comments