সরকারের মালিকানায় গেলেই কি ঘুরে দাঁড়াবে ইসলামী ব্যাংক?
মালিকানা বদলালেই কি বদলাবে ব্যাংকের ভাগ্য? নাকি রাষ্ট্রীয় অর্থের ওপর ভর করে আরও বড় হবে অনিয়ম ও খেলাপি ঋণের বোঝা? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে সরকারের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চাওয়ার প্রস্তাব নতুন করে এসব প্রশ্ন সামনে এনেছে। ব্যাংকটির সংকট কাটাতে রাষ্ট্রের মালিকানা বাড়ানো কতটা যৌক্তিক, আর এর প্রকৃত সুফল কারা পাবে—তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
একসময় দেশের ব্যাংক খাতের অন্যতম শক্তিশালী ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকটির ছিল উল্লেখযোগ্য অবস্থান। কিন্তু মালিকানা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক, ঋণ অনিয়ম, খেলাপি ঋণের বিস্তার এবং আর্থিক দুর্বলতা ব্যাংকটির সেই অবস্থানকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। এখন সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চাওয়ার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ব্যাংকটি ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যু করে সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায়। এতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে। অর্থাৎ, শুধু আর্থিক সহায়তা নয়, ব্যাংকটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণেও রাষ্ট্রের সরাসরি প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি বেসরকারি ব্যাংকের আর্থিক সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ কি রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা? নাকি এর মাধ্যমে ব্যাংকটির অতীতের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার দায় শেষ পর্যন্ত জনগণের করের টাকার ওপর চাপিয়ে দেওয়া হবে?
ইসলামী ব্যাংকের বর্তমান সংকটকে কেবল মূলধন ঘাটতির সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে ঋণ বিতরণে অনিয়ম, সম্পদের গুণগত মানের অবনতি, বিপুল খেলাপি ঋণ এবং প্রভিশন ঘাটতির মতো গভীর কাঠামোগত সমস্যা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। অর্থাৎ, ব্যাংকটির আর্থিক ভিত্তি কতটা দুর্বল হয়ে পড়েছে, এই পরিসংখ্যানই তার বড় প্রমাণ।
লোকসানের চিত্রও উদ্বেগজনক। চলতি পঞ্জিকাবর্ষের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটি কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। শুধু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।
এমন পরিস্থিতিতে ৬ হাজার কোটি টাকার নতুন মূলধন নিঃসন্দেহে ব্যাংকটির জন্য সাময়িক স্বস্তি তৈরি করতে পারে। কিন্তু এই অর্থ দিয়ে কি খেলাপি ঋণ আদায় হবে? ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষিত হবে? ব্যাংকের সম্পদের প্রকৃত মূল্য কি পুনরুদ্ধার হবে? এসব প্রশ্নের উত্তর পরিষ্কার না হলে নতুন বিনিয়োগ কার্যত পুরোনো ক্ষত ঢাকার আরেকটি প্রচেষ্টা হয়ে দাঁড়াতে পারে।
সরকারি মালিকানা বাড়ানোর পক্ষে একটি যুক্তি হচ্ছে, সাবেক মালিকপক্ষ বা এস আলম গ্রুপ যেন নতুন শেয়ার কিনে আবার ব্যাংকের ওপর প্রভাব বিস্তার করতে না পারে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার উন্মুক্ত করা হলে সেই গোষ্ঠী পরোক্ষভাবে মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পেতে পারে—এমন আশঙ্কা থেকেই সরকারের কাছে বিনিয়োগ চাওয়ার কথা বলা হচ্ছে।
যুক্তিটি একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় ব্যাংকটির মালিকানা ও নিয়ন্ত্রণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তবে সেই লক্ষ্য অর্জনের একমাত্র উপায় কি রাষ্ট্রের হাতে প্রায় ৭৯ শতাংশ মালিকানা তুলে দেওয়া?
রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হলেই যে ব্যাংকের পরিচালনায় পেশাদারত্ব, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত হবে, এমন নিশ্চয়তা নেই। বরং রাজনৈতিক প্রভাব, নিয়োগ ও ঋণ বিতরণে অযাচিত হস্তক্ষেপ এবং আমলাতান্ত্রিক জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অভিজ্ঞতাও এ ক্ষেত্রে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ তৈরি করে।
বিশ্বের বিভিন্ন দেশ যখন ব্যাংক খাত থেকে রাষ্ট্রীয় অংশগ্রহণ কমানোর দিকে যাচ্ছে, বাংলাদেশ তখন উল্টো পথে হাঁটছে। সরকারি অধিগ্রহণ করলেই ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হবে না; বরং এতে ব্যাংকটির অবশিষ্ট সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। বিদেশি অথবা নতুন দেশীয় বেসরকারি বিনিয়োগকারী আনার মাধ্যমে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করা যোতে পারে।
ইসলামী ব্যাংকের সংকট সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত দায় নির্ধারণ। কারা অনিয়মের মাধ্যমে ঋণ নিয়েছে, কোন ঋণ আদায়যোগ্য, কোন সম্পদ প্রকৃত অর্থে মূল্যবান এবং ব্যাংকটির প্রকৃত মূলধন ঘাটতি কত—এসব প্রশ্নের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ।
সাবেক মালিকপক্ষের অবরুদ্ধ শেয়ার আইনসম্মত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিক্রি করে প্রাপ্ত অর্থ খেলাপি ঋণের ক্ষতি সমন্বয়ে ব্যবহার করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ব্যাংকের পরিচালনায় স্বাধীন পেশাদারদের সম্পৃক্ত করা প্রয়োজন।
কারণ ব্যাংকের সংকটের মূল কারণ যদি অনিয়ম, দুর্বল তদারকি ও ঋণ আদায়ে ব্যর্থতা হয়, তাহলে শুধু মালিকানা পরিবর্তন করে সেই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং নতুন মালিকানার অধীনে পুরোনো ব্যবস্থাপনার সংস্কৃতি বহাল থাকলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থাকবে।
একটি ব্যাংকের প্রকৃত শক্তি শুধু তার মূলধন বা সম্পদের পরিমাণে নয়, আমানতকারীদের আস্থার মধ্যেও নিহিত। ইসলামী ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আস্থার গুরুত্ব আরও বেশি। লাখ লাখ গ্রাহকের সঞ্চয়, ব্যবসায়িক লেনদেন এবং প্রবাসী আয়ের একটি বড় অংশের সঙ্গে ব্যাংকটির কার্যক্রম জড়িত। তাই সরকারের বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে প্রথমেই নিশ্চিত করতে হবে, এই অর্থ কীভাবে ব্যয় হবে এবং এর বিনিময়ে ব্যাংকের আর্থিক অবস্থার কতটা উন্নতি ঘটবে। একই সঙ্গে ঋণ বিতরণে স্বচ্ছতা, খেলাপি ঋণ আদায় এবং পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রীয় অর্থ দিয়ে ব্যাংককে টিকিয়ে রাখা আর ব্যাংককে কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এক বিষয় নয়। প্রথমটি অর্থের জোগান দিতে পারে, কিন্তু দ্বিতীয়টির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সংস্কার, দক্ষ ব্যবস্থাপনা এবং কঠোর জবাবদিহি।
ইসলামী ব্যাংককে বাঁচানো জরুরি। কিন্তু ব্যাংকটিকে বাঁচানোর নামে রাষ্ট্রীয় অর্থের ঝুঁকি বাড়ানো কতটা যৌক্তিক, সেটিও সমান গুরুত্বপূর্ণ। ৬ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের আগে ব্যাংকটির প্রকৃত সম্পদমূল্য, মূলধন ঘাটতি, খেলাপি ঋণের আদায়যোগ্যতা এবং প্রভিশন ঘাটতির পূর্ণাঙ্গ নিরীক্ষা হওয়া প্রয়োজন।
সরকার মালিক হলে ব্যাংকটি হয়তো সাময়িকভাবে নতুন মূলধন পাবে, নিয়ন্ত্রণের প্রশ্নে একটি পরিবর্তন আসবে। কিন্তু তাতে ঋণখেলাপিরা স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দেবে না, অনিয়মের দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে না কিংবা গ্রাহকদের হারানো আস্থা রাতারাতি ফিরে আসবে না।
সবচেয়ে বড় কথা, একটি ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে গেলেই সেটি জনস্বার্থে পরিচালিত হবে—এমন নিশ্চয়তা নেই। বরং রাষ্ট্রীয় মালিকানাকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার অধীনে আনা না যায়, তাহলে এই বিনিয়োগও ভবিষ্যতে আরেকটি আর্থিক বোঝায় পরিণত হতে পারে।
Comments