বাজার নিয়ন্ত্রণ থেকে পোশাকশিল্প, আজ সংসদে উঠছে নানা ইস্যু
সাপ্তাহিক বিরতির পর আজ রোববার আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
আজকের বৈঠকে তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনার অনিয়ম এবং ভূমিসেবা সহজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট তিনটি নোটিশ রাখা হয়েছে।
নোটিশগুলোর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্স চালু নিয়ে আলোচনা করতে চান। এ কোর্স পরিচালনাকারী ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়টি তাঁর নোটিশে গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে বিদ্যমান অনিয়ম নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
এ ছাড়া মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি নিরসনে ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন।
এদিকে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী 'পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬' নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উপস্থাপনের বিষয়টিও আজকের কার্যসূচিতে রয়েছে।
কার্যসূচি অনুযায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। একই সঙ্গে গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্বসংক্রান্ত দলিলও উপস্থাপনের কথা রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটি হতে পারে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী এ খাতের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করা, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।
পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান প্রস্তাবটি উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে।
Comments